বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। বিএনপি ধর্মের নামে বিশৃঙ্খলা, হানাহানি সমর্থন করে না। বিএনপির এই নেতা বলেন, মানবতাবিরোধীদের বিচার তাঁর দলও চায়। তবে সে বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে মানা হবে না। সরকারই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে। তারাই বিচারক নিয়োগ, তদন্ত করে রায় দিয়েছে। এখন শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে সুর মিলিয়ে বলছে, তারা এ রায় মানে না। তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গতকাল শনিবার বগুড়া ও দিনাজপুরে বিএনপির সমাবেশে পৃথক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল বিকেলে বগুড়া শহরের মাটিডালি মোড়ে জেলা বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কারামুক্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জামানত বাজেয়াপ্ত হবে বুঝতে পেরে সংবিধান পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিএনপি তাদের এই চক্রান্ত সফল হতে দেবে না। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে সকালে দিনাজপুর লোকভবনে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশের বক্তৃতা করেন মির্জা ফখরুল। সেখানে তিনি অভিযোগ করেন, সত্য কথা বলার অপরাধে সরকার তাঁকে ৫৯ দিন কারাগারে আটকে রেখেছিল। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজেরা গণতন্ত্র বিশ্বাস বা চর্চা করে না। প্রতিদিন খুন, ধর্ষণ ও গুমের ঘটনা বেড়েই চলছে। বিএনপির নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ দলের ১৫০ জন নেতা-কর্মী গুম হয়েছেন। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান সভায় সভাপতিত্ব করেন।