বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিএনপি নির্বাচনে না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বর্তমানে তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুরে অবস্থান করছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন, সেটা এখনো উন্মুক্ত আছে। বিরোধীদলীয় নেতা যেদিন চাইবেন, সেদিনই সংলাপ হতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক সংকটের সুযোগে যে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করে তার সুযোগ আমরা আর দিতে পারি না।’
বিরোধী দলের সঙ্গে সংলাপের ব্যাপারে আন্তর্জাতিক মহলের কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের ব্যাপারে দীপু মনি কোনো মন্তব্য করেননি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন হবে এবং এতে কারা কারা থাকবেন তা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের ওপর নির্ভর করছে।