প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে কিছু যায়-আসে না। বাংলাদেশে আরও ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। তাদের সঙ্গে নিয়েই নির্বাচন হবে।
গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বিএনপিও নির্বাচনে অংশ নেবে। তা ছাড়া এরশাদ নির্বাচনে অংশ নেবেন, এ বিষয়ে নিশ্চিত থাকুন।’
এইচ টি ইমাম আরও বলেন, বর্তমান সংবিধানে বলা আছে, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তার অর্থ এই নয় সংসদ ভেঙে গেল। সাংসদেরা পালিয়ে যাবেন। সংবিধানে আর কোনো সংশোধনী আনা হবে না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদ বহাল থাকবে, যতক্ষণ না নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। আবার সংসদ থেকেও নির্বাচন হতে পারে।
দলীয় নেতা-কর্মীদের এইচ টি ইমাম বলেন, সাদেক হোসেন খোকা দা-কুড়াল নিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ দিয়ে তিনি এখন নিজেই দৌড়ের ওপর রয়েছেন। এ রকম কথা যারা বলবে, সবাইকে দৌড়ের ওপর রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লাপাড়া থানা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, উপদেষ্টার ছেলে তানভীর ইমামসহ দলীয় নেতারা।