বিএনপি নাগরিক কমিটির ব্যানারে অংশ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আপত্তি থাকায় দলটির স্থানীয় পর্যায়ের নেতারা বিকল্প উদ্যোগ নিচ্ছেন। নাগরিক কমিটির ব্যানারে দলটি নির্বাচনে অংশ নেবে। দলের সমর্থন না থাকায় গত নির্বাচনে মেয়র পদে হারার উপলব্ধি থেকেই তাঁরা এ উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।খুলনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনাসহ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল অনুমোদন হয়ে আছে। এ মাসেই তফসিল ঘোষণা দেওয়া হতে পারে এবং জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত ২৪ জানুয়ারি খুলনার এক জনসভায় কেসিসি নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেকের পক্ষে ভোট চান। তিনি মেয়রের সাফল্যের কথা তুলে ধরেন। ভবিষ্যতে নির্বাচিত হলে খুলনার উন্নয়ন আরও বাড়বে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ ঘোষণার পর ক্ষমতাসীন দল ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। সে ক্ষেত্রে মেয়র পদে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক দলের একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। আবদুল খালেক বলেন, ‘গত নির্বাচনে জয়ী হওয়ার পর আমি খুলনার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। খুলনার সাধারণ নাগরিকেরা আমার কর্মকাণ্ডের বিষয় ভালো বলতে পারবেন। আগামী নির্বাচনেও তাদের ভালোবাসা পাব বলে আশা রাখি।’আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতির ঢেউ বিরোধী শিবিরেও লেগেছে। বিএনপি মনে করছে, সিটি করপোরেশন এলাকায় তাদের সমর্থন বেশি থাকায় তারা আওয়ামী লীগের প্রার্থীকে সহজে জয়ী হতে দেবে না। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচন সামনে রেখে বিএনপি সমমনা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে একটি নাগরিক কমিটি গঠন করবে। এ কমিটির ব্যানারে খুলনা বিএনপি নির্বাচনে অংশ নেবে।দলীয় সূত্রে আরও জানা গেছে, এই মুহূর্তে মেয়র পদে দলে তিনজন নেতার নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম ও নগর বিএনপির সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা।নগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম জানান, যেকোনোভাবে হোক, খুলনা বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে। দলের অধিকাংশ নেতা-কর্মী এমন প্রস্তাব দিয়েছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকটকালে দলের সিদ্ধান্তের বাইরে সমমনারা এমন উদ্যোগ নেন। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমমনাদের নিয়ে গঠিত নাগরিক কমিটি মেয়র পদে প্রার্থী দেবে। নগরের ৩১টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত আসনেও একইভাবে কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। গত নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। কেসিসি নির্বাচনে বিএনপির এটাই প্রথম হার। ১৯৯৩ ও ২০০২ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী তৈয়বুর রহমান জয়ী হয়েছিলেন। এ নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো প্রস্তুতি নেই বলে জানা গেছে।