বিএনপি নাটক করছে: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান দুই দলের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মহাসচিবের বৈঠক নিয়ে বিএনপি নাটক করছে বলে মনে করছে ১৪ দল।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মনোভাবের কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। তবে আসন ভাগাভাগির বিষয়টি পরে সুরাহা করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বৈঠক থেকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়। এই বিষয়ে সংবাদ সম্মেলনে নাসিম বলেন, রায় কার্যকরের এখন উপযুক্ত সময়। বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এটাই ১৪ দলের প্রত্যাশা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে নাসিম আরও বলেন, ‘যখন সংলাপ শুরু হয়েছে, তখন এত লজ্জা কেন? সংলাপের নামে নাটক করে বিএনপি সময়ক্ষেপণ করে নির্বাচন থেকে সরে আসতে চায়। এটা তাদের সর্বশেষ নাটক।’
সংলাপের বিষয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিক কোনো বক্তব্য কেন দেয়নি জানতে চাইলে নাসিম বলেন, ‘তাঁরা অনানুষ্ঠানিকভাবে বসেছিলেন। আমরা গোপন করিনি। কিন্তু বিএনপির একেক নেতা একেক কথা বলছেন।’ সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁরা আলোচনা করেছেন, এটা তাঁরাই বলতে পারবেন।’
১৪ দলের গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা।