বিএনপি নালিশনির্ভর দলে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো

বিএনপি নালিশনির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অনুষ্ঠানে যোগ দিলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রী কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। কলেজের নবনির্মিত ‘কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগার ভবন’ উদ্বোধন করেন তিনি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক জায়গায় বিএনপি প্রার্থী দিতে পারছে না। সাহস করে নির্বাচনে অংশ গ্রহণ করছে না। ঢালাওভাবে প্রচার করলে হবে না। বিএনপির কারও বাড়িঘরে হামলা হয়েছে, তাদের কেউ মারা গেছে বলে শুনিনি। যে কয়জন মারা গেছে, তারা বিএনপির কেউ নয়।’ বিএনপির কেউ মারা গেলে তাদের তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার কলেজছাত্রী তনু হত্যার বিচার প্রচলিত আইনেই হবে। তনু হত্যার বিচারের জন্য কোনো নতুন আইনের প্রয়োজন হবে না।
মন্ত্রী বলেন, তনু হত্যায় যে-ই দায়ী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। তনুসহ সব হত্যা ও ধর্ষণের ঘটনার বিচারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে তৎপর রয়েছে। অল্প সময়ের মধ্যে ঘটনায় জড়িত অপরাধী চিহ্নিত হবে।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, স্থানীয় নারী সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।