বিএনপি নিজে গোলযোগ করে দায় চাপাতে পারে: আ.লীগ
বিএনপি পল্টনের ১৯ মের মহাসমাবেশে নিজেরাই গোলযোগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সরকারকে ‘অস্থিতিশীল করতে’ বিএনপি তা করতে পারে বলে আওয়ামী লীগের নেতাদের ধারণা।গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক যৌথ সভার পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘গোলযোগ সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। জনগণ তা মেনে নেবে না।’ দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি নির্ধারণের জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের এ যৌথ সভা হয়।বিএনপির সমাবেশে বাধা এলে দায়দায়িত্ব সরকারের—বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এ বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ায় বিশ্বাস করে না আওয়ামী লীগ। এ পর্যন্ত বিরোধী দল শতাধিক কর্মসূচি পালন করেছে, একটিতেও আওয়ামী লীগ বাধা দেয়নি, আগামীতেও দেবে না।’ হানিফ অভিযোগ করেন, বিএনপি এই সরকারের কোনো ব্যর্থতা খুঁজে না পেয়ে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের খুঁত ধরার চেষ্টা করছে।পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে প্রবাসে স্বেচ্ছা নির্বাসনে থাকা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে ফেরেন। এর পর থেকে আওয়ামী লীগ এ দিনটিকে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করছে। যৌথসভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।দিনের কর্মসূচি: সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। দলীয় কর্মসূচি সারা দেশে যথাযথ মর্যাদায় পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।কার্যক্রম স্থগিত: নারায়ণগঞ্জ থানা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।