জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা বিএনপিকে আক্রমণ করে বক্তব্য দেওয়া অব্যাহত রাখায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘সরকারদলীয় মন্ত্রী-সাংসদেরা বিএনপি-জামায়াত নিয়ে যখন কথা বলেন, তখন তারা আলোচনায় এসে যায়। হাইলাইট হয়, টিভিতে চলে আসে। কেন এত কথা?’
অবশ্য এসব কথা বলার আগে বিরোধীদলীয় চিফ হুইপ নিজের বক্তব্যের শুরুতেই ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সমালোচনা করেন। আজ মঙ্গলবার সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।
জাতীয় পার্টির এই সাংসদ বলেন, নির্বাচন হয় পাঁচ বছরের জন্য। যাঁরা নির্বাচন করেননি, তাঁরা এখন অন্তর্জ্বালায় ভুগছেন, ভুল বুঝতে পেরে মধ্যবর্তী নির্বাচনের দাবি করছেন। তিনি বলেন, ট্রেন মিস করলে পরের ট্রেনে যেতে হবে। তাই বলে স্টেশন ভাঙচুর করতে পারেন না। স্টেশন ভাঙচুর বন্ধ করতে হবে। ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানান তিনি।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাজুল ইসলাম জ্বালানি তেলের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আইএমএফ থেকে বের হতে পারছেন না। যে কারণে হয়তো জ্বালানি তেলের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়েছেন। আমরা কি ধরে নেব, আগামী বছরে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হবে।’
তাজুল ইসলাম বাজেটে ওষুধের দাম কমানোর প্রতিশ্রুতি না থাকায় উষ্মা প্রকাশ করেন, বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের ইনসুলিনের দাম কমাতে এর ওপর বাড়তি শুল্ক প্রত্যাহারেরও দাবি জানান। একই সঙ্গে টায়ার ও বাইসাইকেলের টিউবের ওপর সম্পূরক শুল্ক আরোপের বিরোধিতা করেন তিনি।
অর্থনৈতিক মন্দার জন্য দায়ী বিএনপি
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘স্বীকার করি, দেশে বিনিয়োগ-পরিস্থিতি কিছুটা মন্দা। যে পরিমাণ বিনিয়োগ আনার কথা ছিল, তা আনতে পারিনি। এর জন্য সরকার যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী তত্কালীন বিরোধী দল।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘তারা যে বীভত্স পরিস্থিতির সৃষ্টি করেছিল, তা আমরা সবাই জানি। তারা জাতীয় পর্যায়ে ৪৫ দিন হরতাল করেছে। আর আঞ্চলিক পর্যায়ে তো সীমা ছিল না। তারা অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতিসাধন করেছিল।’
কৃষির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের জন্য চাই শান্তি ও বিনিয়োগ। এর জন্য চাই জঙ্গিবাদের নির্মূল এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক।
আওয়ামী লীগই পারবে, বিএনপি মরে গেলেও পারবে না
মতিয়া চৌধুরী একাধিক ফ্লাইওভার নির্মাণ ও নির্মীয়মাণ পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এটা আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে। বিএনপি মরে গেলেও পারবে না। বিএনপি পারে দুটি কাজ। হাওয়া ভবন তৈরি ও অর্থ পাচার। উন্নয়নকাজে বিএনপি সব সময় চুরির গন্ধ পায়। কারণ তারা এ কাজটি করে।
করমুক্ত সঞ্চয়পত্রের সীমা ৬০ লাখ করার প্রস্তাব
কৃষিমন্ত্রী বাজেটে আয়করমুক্ত সঞ্চয়পত্রের সীমা ৩০ লাখ থেকে ৬০ লাখ করার প্রস্তাব করেন। তিনি সঞ্চয়পত্রের ক্ষেত্রে অগ্রিম আয়কর ১০ শতাংশকে চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে বিবেচনা করার প্রস্তাব দেন।
অর্থমন্ত্রীর সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, যাঁরা তিল তিল করে সঞ্চয় গড়ে তোলে, সেই সঞ্চয়পত্রের ওপর অর্থমন্ত্রী কর বৃদ্ধি করছেন কেন? এটা সমর্থন করতে পারি না। যারা অর্থ পাচার করে, কানাডায় বাড়ি করে, মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ বানায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সঞ্চয়কারীদের শাস্তি মেনে নেওয়া যায় না।’
স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার পর সংসদের অধিবেশন শুরু হয়। আলোচনায় আরও অংশ নেন সরকারদলীয় সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহ, হুইপ সোলায়মান হক জোয়ার্দার, সাবেক মন্ত্রী রেজাউল করিম, মাহমুদ উস সামাদ চৌধুরী, জাসদের লুত্ফা তাহের, স্বতন্ত্র সদস্য স্বপন ভট্টাচার্য্য প্রমুখ।