বিএনপি নির্বাচন করে কি না দেখতে চান শেখ হাসিনা

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেয় কি না, তা দেখতে চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব দলের জন্য পৌরসভা নির্বাচন একটা সুযোগ। তারা যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে তারা দল গঠন করার ভালো একটা সুযোগ পাবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। দলীয় সভানেত্রীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলীসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বৈঠকটি হয়। প্রধানমন্ত্রীর এই বক্তৃতা বেসরকারি টেলিভিশনে লাইভ দেখানো হয়। এরপর প্রধানমন্ত্রী নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি যোগদান করেনি। তারা নির্বাচন বয়কট করেছে। বয়কট শুধু নয়, প্রতিহত করার নামে মানুষ হত্যা করেছে। তিনি বলেন, তারা ভোট বন্ধ করতে পারেনি। বরং ৪২-৪৩ শতাংশ ভোট পড়েছে। যেটা যেকোনো একটা উন্নত দেশে যে পরিমাণ ভোট পড়ে, তার চেয়ে বেশি।
বিএনপির উদ্দেশে শেখ হাসিনা বলেন, তাদের ভেতরের একটা দ্বৈততা আছে। একমুখে তারা বলে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না। আবার অপর দিকে দেখা যায়, স্থানীয় সরকার নির্বাচনে সব সময় অংশগ্রহণ করছে, দলীয় প্রার্থী দিচ্ছে বা সমর্থন করছে।
বিএনপির এই ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার একটু দেখতে চাই। এবার তো দলীয় ভিত্তিতে নির্বাচন। নিজ নিজ মার্কা নিয়ে। এখন নির্বাচনটা করে কি না, সেটা একটা দেখার বিষয় আছে। কারণ নির্বাচনে অংশগ্রহণ করলে আর তারা বলতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ করবে না। কারণ দলীয় প্রতীক নিয়ে তারা তো করল। আর না করলে এটা তাদের দলের জন্য ক্ষতি।’
প্রধানমন্ত্রীর বক্তৃতার ঠিক আগ মুহূর্তে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। এরপর শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা প্রকৃত মুসলমানের পথ নয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা মানসিকভাবে বিকৃত। তিনি বলেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা ‘সাচ্চা মুসলমান’-এর (প্রকৃত মুসলমান) পথ নয়। মসজিদের ভেতর মানুষ হত্যা প্রকৃত মুসলমানের কাজ নয়। যারা এ ধরনের অপরাধ করছে তারা মানসিকভাবে বিকৃত।
সাংসদদের প্রচারের সুযোগ চেয়ে চিঠি দেবে আ.লীগ: বৈঠক শেষে উপস্থিত একাধিক নেতা জানান, পৌরসভা নির্বাচনে সাংসদদের প্রচারের সুযোগ রাখার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে আওয়ামী লীগ। বৈঠকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পদ্ধতিও চূড়ান্ত করা হয়।