বিএনপি নির্বাচনে অংশ নিক আ. লীগ চায় না: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গণতন্ত্রের আবরণে বাকশালি কায়দায় দেশ চালাচ্ছে। ক্ষমতায় এসে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপি নির্বাচনে অংশ নিক, আওয়ামী লীগ তা চায় না। তিনি আরও বলেন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ হেরে ভয় পেয়েছে, তাই তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং “দৈনিক আমার দেশ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তির দাবি’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন ভূমিকার কঠোর সমালোচনা করেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন করার মতো জনবল নেই। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনে সরকার দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে।

ড্যাবের সভাপতি আনিসুল হক বলেন, সরকার ইলিয়াস আলীকে গুম করে, মাহমুদুর ও আদিলুরকে গ্রেপ্তার করে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে।

যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার চুরি করে বিলবোর্ড দখল করেছিল আবার চুরি করেই বিলবোর্ড ছেড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য মান্নান মিয়া বলেন, সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, হত্যা করতে ভালোবাসে।

প্রতিবাদ সমাবেশে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খলিলুর রহমান, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন এম এ করিম, পিএসসির সাবেক চেয়ারম্যান তাহমিদা খানম, চিকিত্সক এম এ করিম, ড্যাবের মহাসচিব জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।