বিএনপি নির্বাচনে আসবে 'নিশ্চিত' আইন প্রতিমন্ত্রী

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে এ বিষয়ে তিনি নিশ্চিত। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি যে নির্বাচনে আসবে সে বিষয়ে আমি নিশ্চিত। তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধী কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ছিল ৭১-এর পরাজিত শক্তি। তাঁর খুনিদের মধ্যে আমরা সামনের দিকে দেখেছি মুশতাক, রশিদ ও জিয়াউর রহমানকে। তাঁরা বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে হত্যা করেছেন। সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করেছেন।’
তারেক রহমানকে ‘জঙ্গিবাদের গডফাদার’ আখ্যা দিয়ে কামরুল বলেন, ‘খুনি জিয়াউর রহমানের রেখে যাওয়া কাজ সমাপ্ত করছেন বেগম জিয়া ও তারেক রহমান। তারেকের নেতৃত্বে দুইবার মিটিং করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে। আমরা এখন তার প্রমাণ পেয়েছি। এর বিচার চলছে। পলাতক থেকে বিচার থেকে সে পার পাবে না।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।