নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন করতে হবে—বিষয়টি মাথায় রেখেই গত সোমবার তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণার এক দিনের মাথায় গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, বিরোধী দল বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা হবে।
এর আগে গত রোববার সিইসি বলেছিলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক সমঝোতার জন্য অপেক্ষা করবেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনের হুইসেল বাজিয়ে দেন তিনি। আবার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই দিলেন তফসিল পরিবর্তনের ইঙ্গিত।
বিদ্যমান রাজনৈতিক সংকটের মধ্যে এভাবে সিইসি বারবার তাঁর অবস্থান পরিবর্তন করছেন। আর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর প্রথম দিনে প্রধান বিরোধী দল বিএনপি গতকাল বলেছে, প্রধানমন্ত্রীর ‘নীলনকশা’ অনুযায়ী নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রয়োগ করছে।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, এই তফসিল ঘোষণা বর্তমান অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার জাতীয় তামাশা।
তফসিল ঘোষণার পর গতকালই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, এই তফসিল চূড়ান্ত নয়। বিরোধী দলকে চাপে ফেলতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে মনোনয়নপত্র গ্রহণ এবং তা জমা দেওয়ার জন্য।
সিইসির গতকালের বক্তব্যের পর তাই যেন প্রতিষ্ঠিত হলো।
তবে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র বলছে, এর আগেও কয়েকটি নির্বাচনের তফসিল পরিবর্তন হয়েছে। নবম সংসদ নির্বাচনে ১৮ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারিত হয়। এরপর তিন দফা পরিবর্তন করে ২৯ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত হয়। ১৮ ডিসেম্বর প্রথম তারিখ ঘোষণার পর বিএনপি ২৭ এবং আওয়ামী লীগ ২৮ নভেম্বর নির্বাচন চেয়েছিল। নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে।
টনক নড়ল ২৪ ঘণ্টা পর: তফসিল ঘোষণার পরপরই অবৈধ নির্বাচনী উপকরণ অপসারণ করার কথা। কিন্তু তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনেও তা হচ্ছে না।
প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের মাঠে না থাকায় এককভাবে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীরাই মাঠে রয়েছেন। তাঁদের প্রচার উপকরণে ছেয়ে গেছে রাজধানীসহ সারা দেশ। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃশ্যত কোনো কার্যক্রম নেই।
গত মঙ্গলবার তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পর টনক নড়ে নির্বাচন কমিশনের। গতকাল বিকেলে কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ আজ বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের কার্যালয় থেকে জারি করা হবে।
কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, স্টিকার, ব্যানার, বিলবোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ করতে হবে। মুছে ফেলতে হবে দেয়াললিখন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, নোটিশ পাঠানোর পর যাঁরা আচরণবিধি ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তফসিল ঘোষণার পর বিএনপির নেতা হান্নান শাহসহ কয়েকজনকে গ্রেপ্তার প্রসঙ্গে জাবেদ আলী বলেন, এর সঙ্গে নির্বাচন কমিশন বা নির্বাচনের সম্পর্ক নেই।
আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক কাল: কাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর সারা দেশে যে সহিংস ও সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা নিয়ে গতকাল কমিশন বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। সভার বিষয় অবহিত করে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিজিবিসহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে এসব সংস্থার প্রধান বা তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
কমিশনার জাবেদ আলী বলেন, আইনশৃঙ্খলা বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
ঋণখেলাপিদের তালিকা: ঋণখেলাপিদের তালিকা তৈরির জন্য কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ ব্যাংককে গতকাল চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মনোনয়ন দাখিলকারীদের মধ্যে কেউ ঋণখেলাপি থাকলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র বাছাইয়ের আগে সরবরাহ করতে হবে। একইভাবে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠানের ঋণখেলাপি প্রার্থীদের তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী ঋণ ও বিলখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন।
উল্লেখ্য, বিদ্যমান তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে, তার আগে ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। সাংবিধানিকভাবে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।