বিএনপি নির্বাচনে এলেও চাপে রাখতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের আন্দোলনে ব্যর্থ হয়েই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে মনে করে আওয়ামী লীগ। দলীয় নেতাদের ধারণা, এ নির্বাচনের মাধ্যমে দলটি রাজনৈতিক দুরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায়। ফলে বিএনপি নির্বাচনে এলেও তাদের চাপে রাখার কৌশল আছে সরকারের।
সরকারের দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর মতে, বিএনপি নির্বাচনে এলেও গত তিন মাসের আন্দোলনে নাশকতার দায়ে অভিযুক্ত ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, কাউকে গ্রেপ্তার করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য নির্বাচনী আইন সমানভাবে প্রযোজ্য। আর নির্বাচনে ‘সবার জন্য সমান’ সুযোগ সৃষ্টির নামে কোনো সন্ত্রাসী, নাশকতায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তদের পুনর্বাসন করার সুযোগ নেই। নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
একজন মন্ত্রী বলেন, বিএনপি যদি মনে করে, নির্বাচনের ধুয়া তুলে তারা মাঠে পুনর্বাসিত হয়ে যাবে, সেটা ভুল। অপরাধীদের রাজনীতিতে কোনো সুযোগ দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে অংশ নিলেই পেট্রলবোমা হামলাকারীরা নিরপরাধী হয়ে যাবে না। অপরাধীদের বিচার হবে। এটাই সভ্যতা, এটাই আইনের শাসন।
আওয়ামী লীগের মধ্যম সারির কিছু নেতা মনে করছেন, বিএনপিকে নির্বাচনমুখী করা আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় হলেও দল-সমর্থিত প্রার্থীরা চাপে থাকবেন। তাঁদের আশঙ্কা, নির্বাচনে জয় পেলে বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। আন্দোলনের মাঠে নামতে দলটি আত্মবিশ্বাসী হয়ে যেতে পারে।
আওয়ামী লীগের একটি অংশ এটাও মনে করে, এ নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, বিএনপি রাজনীতির মাঠে নামার সুযোগ পেয়ে গেল। এ জন্য আইনি বিষয়ে দলটিকে কোনো ছাড় দিতে নারাজ সরকার।
আওয়ামী লীগের মধ্যে এমন আলোচনাও আছে যে বিএনপিকে আন্দোলন থেকে সরাতে নির্বাচন দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে বিকল্প কিছু ভাবা যেত। এখন হিতে বিপরীত কিছু ঘটার আশঙ্কাও আছে।
এ প্রসঙ্গে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ থাকবে। কিন্তু সন্ত্রাসীদের জন্য কোনো সমান সুযোগ নয়। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে দলীয়ভাবে দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। বরিশাল, গাজীপুর, রাজশাহী, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলের অগোছালো নির্বাওচনী প্রচারের অভিজ্ঞতা থেকেই তিনি এ দায়িত্ব নেন।