জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগের বর্তমান নির্বাচনপদ্ধতিতে নির্বাচনে গেলে জাতীয় পার্টি দালাল হিসেবে চিহ্নিত হবে। তাই ভবিষ্যতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। গতকাল বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে এরশাদ এ কথা বলেন। সম্মেলনে এরশাদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে জাতীয় পার্টিও যাবে না। আমরা এখন নামমাত্র মহাজোটে আছি। যারা আস্তিক-নাস্তিক তৈরি করেছে, তাদের সঙ্গে আর কোনো নির্বাচন নয়। আমি নাস্তিকের পক্ষে নই, ইসলামের পক্ষে।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমাদের ভবিষ্যৎ কী, জানি না। কীভাবে নির্বাচন হবে, আমরা এখনো জানি না। একটি দলের চেয়ারম্যান হিসেবে আমার জানা দরকার। মানুষ আর দুই নেত্রীকে চায় না। মানুষ পরিবর্তন চায়।’ এরশাদ বলেন, বর্তমান সরকারের প্রতিটি কাজে জনগণ অসন্তুষ্ট। সব ক্ষেত্রে তারা উসকানি দিচ্ছে। গার্মেন্ট শিল্প ধ্বংসের চক্রান্ত চলছে। সরকারই গার্মেন্ট শ্রমিকদের উসকে দিয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে এরশাদ প্রশ্ন তুলে বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা ছাড়া কিছুই নয়। সরকার কি আর জায়গা খুঁজে পাচ্ছে না? সুন্দরবনের কাছে বিদ্যুৎকেন্দ্র করতে হবে কেন?’ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিমউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আতিকুর রহমান। সম্মেলন শেষে সেলিম উদ্দিনকে সিলেট জেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক ঘোষণা দিয়ে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়।