বিএনপি নেতা আনোয়ার-বুলুর বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে ওয়ারী থানায় মামলা করে পুলিশ। গত বছরের ২৪ জুলাই বিএনপি নেতা এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় গ্রেপ্তার হয়ে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল কারাগারে আছেন। বাকিরা জামিনে আছেন।