বিএনপি নেতা আলতাফ ও হাফিজ জামিনে মুক্ত
বিএনপির দুই সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জামিনে তাঁদের মুক্তির আদেশ দেন। অন্য কোনো মামলা না থাকায় আদালত থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।১২ জুন ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং চুরির অভিযোগে গুলশান থানা পুলিশ এ দুজনের নামে পৃথক দুটি মামলা করে। পুলিশ তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ারও আবেদন করে। আদালত ওই দিন একটি মামলায় জামিনের আদেশ দেন এবং অপর মামলার কাগজপত্রসহ রিমান্ড শুনানির জন্য ধার্য করেন। গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। আদালত সূত্র জানায়, গতকাল পুলিশ রিমান্ডে নেওয়ার যৌক্তিক কোনো কারণ দেখাতে ব্যর্থ হলে আদালত দুজনকে জামিনে মুক্তির আদেশ দেন। গতকাল আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিনকে কারাগার থেকে দুপুরে আদালতে হাজির করা হয়। হাকিম শুনানির সুবিধার জন্য রাষ্ট্র ও আসামি পক্ষের পাঁচজন করে আইনজীবী রেখে বাকিদের আদালত থেকে বের হয়ে যেতে বলেন। আইনজীবী ও সংবাদকর্মীরা এর প্রতিবাদ করে আদালত থেকে বেরিয়ে আসেন।আসামি পক্ষের জামিন শুনানিতে অংশ নেওয়া নিয়ে পরে আদালত কক্ষের বাইরে বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।