বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা একটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে আদালত আগামী ১৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
২০১৩ সালের ১৬ নভেম্বর হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে আসলাম চৌধুরীসহ ৫২ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ৪২ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। আসলাম চৌধুরী এই মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। গতকাল সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসলাম চৌধুরীর আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে আসলাম চৌধুরীকে এই মামলায় জড়ানো হয়েছে। মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়। আদালত তা নাকচ করে দিয়ে আসলাম চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বাকি আসামিদের বেশির ভাগ বিএনপির নেতা-কর্মী।