বিএনপি নেতা আসলামের রিমান্ড শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড বিষয়ে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার রাষ্ট্রদ্রোহ ও নাশকতার তিন মামলায় রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালত নাশকতার অভিযোগে করা দুই মামলায় আগামী ৬ জুন রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন। রাষ্ট্রদ্রোহ ও নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীকে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার গুলশান থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে এই মামলা করেন।
গতকাল আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, আসলাম চৌধুরীকে নতুন মামলায় রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি রিমান্ড আবেদন স্থগিত রাখার আবেদন জানান।
রাষ্ট্রপক্ষে সরকারি (পিপি) আবদুল্লাহ আবু বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট এ আদেশ দেন। তবে অন্য মামলায় রিমান্ড চাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তাই এ মামলায় রিমান্ড শুনানি করা যেতে পারে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মারুফ হোসেন বলেন, রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাই এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে সবাইকে হাইকোর্টে দাঁড়াতে হয়। এরপর বিচারক রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন এবং আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে লালবাগ থানার নাশকতার মামলায় আসলামকে ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ মামলায় ১০ দিন রিমান্ডের আবেদন করা হয়। আদালত ৬ জুন শুনানির দিন ধার্য করেন। আর মতিঝিল থানার নাশকতার মামলায় মহানগর হাকিম গোলাম নবীর আদালতে হাজির করা হয়। আদালত ৬ জুন শুনানির দিন ধার্য করেন।
১৬ মে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ড আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়।