বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান আর নেই
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতা এম হামিদুল্লাহ খান (৭৪) গতকাল শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডার হামিদুল্লাহ খান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সাব-কমান্ডার ছিলেন। ওই সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের যুদ্ধে আহত হওয়ার পর হামিদুল্লাহ খান দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাব অর্জন করেন। হামিদুল্লাহ খান ১৯৭৯ ও ১৯৯১ সালে মুন্সিগঞ্জ থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি বিএনপির বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৭৯ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিক সূত্র জানায়, হামিদুল্লাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গতকাল সকাল আটটার দিকে হূদেরাগে আক্রান্ত হলে তাঁকে সেনানিবাসের বাসা থেকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই বেলা দুইটার কিছু পর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে হামিদুল্লাহর মরদেহ তাঁর সেনানিবাসের বাড়িতে নেওয়া হয়। রাতেই সেনানিবাসের মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ দাফন করা হবে।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক শোকবাণীতে বলেন, মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে এম হামিদুল্লাহ খান জীবন বাজি রেখে স্বজাতির মুক্তির জন্য লড়াই করেছেন। হামিদুল্লাহর মৃত্যুতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি, সম্মিলিত সমন্বয় পরিষদসহ বিএনপির নেতারা শোক প্রকাশ করেছেন।