বিএনপি নেতা ও শিক্ষকসহ চার জেলায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট, পঞ্চগড়, সিলেটের বালাগঞ্জ ও ময়মনসিংহের ভালুকায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা ও মাদ্রাসার শিক্ষকসহ ১১ জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বালাগঞ্জ (সিলেট): উপজেলার সোঁয়ারগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সকালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভেড়াখাল গ্রামের হামদু মিয়া (৪৭), মুতিয়ারগাঁও গ্রামের অটোরিকশার চালক ছুরুক মিয়া (৩৫), রহমতপুর গ্রামের আকদ্দিস আলী (৩৫), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সূচীউরা গ্রামের মোটরসাইকেল মেকানিক আবদুল আজিজ (৩০) এবং বানিয়াচং উপজেলার জিটকা গ্রামের মাদ্রাসার শিক্ষক এখলাছুর রহমান (৫০)।বাগেরহাট: মাদারীপুর থেকে খুলনায় যাওয়ার পথে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ে গতকাল দুপুরে যূথী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে বাসযাত্রী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাসচন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও অজ্ঞাতনামা একটি মেয়ে (১৪) নিহত হয়। আহত হয়েছেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।পঞ্চগড়: গত রোববার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের তেঁতুলিয়া বাইপাস এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী আনছার আলী (৩৫) ঘটনাস্থলে মারা যান। তিনি কালান্দিগঞ্জ ডাঙ্গাবাড়ী গ্রামের আমান আলীর ছেলে। আহত হন আরও দুজন।ভালুকা (ময়মনসিংহ): ঢাকা থেকে হালুয়াঘাট যাওয়ার পথে গত রোববার রাতে উপজেলার হবিরবাড়ি জামিরদিয়া আমতলী কটন মিলের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফুলবাড়িয়া উপজেলার আলীনগর গ্রামের জুলহাস উদ্দিন (২৬) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিহত হন। এ সময় আরও ৩০ যাত্রী আহত হন।