বিএনপি নেতা ও শিক্ষকের বাড়িতে ডাকাতি
মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুল হকের বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। একই রাতে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শুক্রবার গভীর রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই পরিবারের আট সদস্যকে কুপিয়ে আহত করে।
বিএনপির নেতা বজলুল হক জানান, শুক্রবার রাত একটার দিকে ১৫-২০ জন ডাকাত দরজা ভেঙে তাঁর বাসুদেববাড়ি গ্রামের বাড়িতে ঢোকে তাঁর চাচাতো ভাই নজরুল ইসলাম ও মো. হাবুর হাত-পা বেঁধে ফেলে। এ সময় চিৎকার দিলে তারা নজরুলের স্ত্রী ফিরোজা বেগম ও হাবুর স্ত্রী অঞ্জনা বেগমকে মারধর করে বেঁধে রাখে। এরপর প্রতিবেশী বকুল মিয়া এগিয়ে এলে তারা তাঁকেও মারধর করে বেঁধে রাখে। পরে ডাকাতেরা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণ ও ১৫ ভরি রুপার অলংকার এবং ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত শিক্ষক নাদিমূল হাসান বলেন, রাত দুইটার দিকে ২৫-৩০ জন ডাকাত দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে নয়টি মুঠোফোনসেট এবং আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।