বিএনপি নেতা খুনের ঘটনায় মামলা
রাজবাড়ী জেলা বিএনপির নেতা সামছুল আলমকে (৫২) গুলি করে হত্যা করার অভিযোগে পৌর কাউন্সিলর মীর এনাম আলীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহরের আজাদি ময়দান থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর এনাম আলী ও তাঁর লোকজন বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির সদস্য সামছুল আলমকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতেই আরিফ বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এনাম আলীর সঙ্গে সামছুল আলমদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত ২ মার্চ সামছুলের মেজো ভাই সহিদুল ইসলামকে তাঁর বাড়ির সামনে গুলি করা হয়। ওই সময় ঊরুতে গুলি লাগায় তিনি বেঁচে যান।