বিএনপি নেতা, ছাত্রীসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় বিএনপির এক নেতা এবং যশোরে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এর বাইরে সড়ক দুর্ঘটনায় চার জেলায় প্রাণ গেছে আরও চারজনের। গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ১১৮ দিন থেকে হিসাব করছে প্রথম আলো। গত মঙ্গলবার ১১৪তম দিনে এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তারপর থেকে গতকাল শুক্রবার ১১৮তম দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৯। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা আবদুল মজিদ মোড়ল (৬০) নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সহসভাপতি ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

যশোরের মনিরামপুর ডিগ্রি কলেজের পাশে বাসের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম তানজিম সুলতানা কুমু (১৯)। মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের কামরুল হুদা মুকুলের মেয়ে কুমু যশোর এমএম কলেজে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া পুকুরপাড় এলাকায় গতকাল সকালে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলেয়া আক্তার (৪৫) নামের এক নারী নিহত এবং শিশুসহ ১০ জন আহত হয়। আলেয়ার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় তাঁর স্বামী শরিফুল ইসলামও (৫০) গুরুতর আহত হন।

নওগাঁর পোরশা উপজেলার নাকু শাহ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু সায়েদ (৫৫) নামের এক আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার শরিয়ালা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন চালক একরাম হোসেন (২৫)।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে গতকাল দুপুরে পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম কিবরিয়া (৩২)। তিনি কালিহাতীর ভাওয়াল গ্রামের কাশেম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে রাস্তা পারাপারের সময় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় রিপন মিয়া (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মিয়াবালীর ছেলে রিপন চতুর্থ শ্রেণিতে পড়ত।