
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি বর্তমানে পলাতক।
রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, জাহিদ হোসেন একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, মানুষকে ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে জাহিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০ গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।
তদন্ত সংস্থার সূত্র জানায়, জাহিদ হোসেন ১৯৭০-এর নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ নগরকান্দা বিএনপির সহসভাপতির পদে থেকে নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তবে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক।
পলাতক থাকায় গত ১৪ অগস্ট জাহিদের অনুপস্থিতিতে তাঁর বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে জাহিদ হোসেনকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও তিনি ট্রাইব্যুনালে হাজির হননি। ট্রাইব্যুনাল মনে করেন, তিনি পলাতক রয়েছেন এবং খুব শিগগির তাঁর হাজির হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য তাঁর অনুপস্থিতিতেই বিরুদ্ধে বিচারকাজ শুরু করা হবে।
ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে জাহিদ হোসেনের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দেন।