নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বিএনপির নেতা তারেক আহমেদসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুর ১২টায় আসামি পক্ষের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। টানা দুই ঘণ্টা বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে গতকাল বেলা দুইটায় বিচারক শাহজাহান তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন। আজ প্রথম দফার এক দিনের রিমান্ড শেষে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের ছোট ভাই এজাহারভুক্ত ১ নম্বর আসামি সালাহউদ্দিনকে আদালতে হাজির করার কথা রয়েছে। তবে এ সময় সালাহউদ্দিনের পক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করবেন বলে জানা যায়।জামিন পাওয়া অন্য আসামিরা হলেন শহর যুবলীগের সাবেক সহসভাপতি কবির সরকার ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ওরফে মঈন। জামিন মঞ্জুর হওয়ার পর তাঁরা সবাই গতকাল সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফেরার পর সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা এজাহারভুক্ত ৮ নম্বর আসামি তারেক আহমদকে গ্রেপ্তার করেন। গত বৃহস্পতিবার এজাহারভুক্ত ১০ নম্বর আসামি কবির সরকার ও গত রোববার ৬ নম্বর আসামি মনোয়ার হোসেন মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন নিহত হন। পরে তাঁর ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের ছোট ভাই সালাহউদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।