বিএনপি নেতা তৈমুরকে পাসপোর্ট দিতে হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানে হয়রানির অভিযোগ উঠেছে।
তৈমুরের অভিযোগ, তাঁর পূর্ববর্তী পাসপোর্ট থাকার পরেও পাতা শেষ হওয়ায় নতুন পাসপোর্টের জন্য যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিলেও পাসপোর্ট দেওয়া হচ্ছে না। অন্যদিকে পাসপোর্টের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা একটি প্রতিবেদন জমা দিলেও সেখানে পাসপোর্ট দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছে। পাসপোর্ট না পাওয়ার কারণে জাতীয় বধির সংস্থার এ চেয়ারম্যান প্রাতিষ্ঠানিক কাজেও বিদেশে যেতে পারছেন না।
তৈমুর আলম খন্দকার জানান, তাঁর আগের পাসপোর্টের পাতা শেষ হয়ে গেছে। এ জন্য গত ১৯ ফেব্রুয়ারি নতুন পাসপোর্টের জন্য যাত্রাবাড়ীতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করা হয়। ওই আবেদনপত্রে পাসপোর্ট প্রদানের তারিখ হিসেবে ২ মার্চ উল্লেখ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরেও পাসপোর্ট অফিসে গেলে তা দেওয়া হয়নি। তৈমুর আলম খন্দকারকে যাত্রাবাড়ী পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ কে এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির অনুলিপি দেওয়া হয়। চিঠিটি আগারগাঁওয়ে অবস্থিত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ৯ মার্চ নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শকের কাছ থেকে প্রাপ্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি। তাঁর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের একটি এবং সোনারগাঁ থানার একটি মামলা বিচারাধীন রয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান বলেন, ‘সাধারণত আমাদের কাছ থেকে যেকোনো পাসপোর্টের ক্ষেত্রে একটি প্রতিবেদন নেওয়া হয়। তৈমুর আলম খন্দকারের ক্ষেত্রেও সেটা হয়েছে। আমরা প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি উল্লেখ করেছি। তবে পাসপোর্ট দেওয়া যাবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।’