বিএনপি নেতা দুলুকে গ্রেপ্তারের দাবি সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-১ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শোক র‌্যালি–পরবর্তী সমাবেশে দেওয়া বক্তব্যে যুবলীগ কর্মী রাজীব হোসেনকে গুলি করে হত্যার দায়ে বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
গত ২৫ আগস্ট নাটোরের একতার মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে সভা চলাকালে তেবাড়িয়া বাজারে গুলিবিদ্ধ হন যুবলীগ কর্মী রাজীব হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরে শোক র্যা লির আয়োজন করা হয়। এতে সাংসদ শফিকুল ইসলাম নেতৃত্ব দেন। র‌্যালি শেষে নাটোর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। সেখানে দেওয়া বক্তব্যে সাংসদ অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে রাজীবকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি অবিলম্বে দুলুকে গ্রেপ্তারের দাবি জানান।
তবে রুহুল কুদ্দুস তালুকদার মুঠোফোনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই ঘটনার সময় অসুস্থ অবস্থায় ঢাকায় ছিলাম। ওই ঘটনা নিয়ে আমার সঙ্গে কারও কোনো কথাও হয়নি। আমি ওই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানি না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাংসদ ওই ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন।’
এদিকে বিকেল পাঁচটায় শহরের কাচারি মাঠে রাজীবের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংসদ শফিকুল ইসলাম ছাড়াও বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী শরিক হন। জানাজা শেষে ওই মাঠ থেকে সাংসদের নেতৃত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। পরে তাঁরা রাজীবের লাশ নিয়ে তাঁর গ্রামের বাড়ি হুগোলবাড়িয়ায় যান। সেখানে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।