বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গত বুধবার লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শেখ আবু তাহের এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ অক্টোবর লালমনিরহাট শহরের কলেজ রোডে যুবলীগ কর্মী আবদুল মোমিনের ডেকোরেটরের দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় পরদিন লালমনিরহাট সদর থানায় মোমিন একটি মামলা করেন। এ মামলায় ৫২ জনকে আসামি করা হয়। আর বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করা হয়।
পরে আসাদুল উচ্চ আদালত থেকে জামিন নেন। তবে লালমনিরহাটের আদালতে নিয়মিত হাজিরা দেননি। ফলে আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
যুবলীগ কর্মী আবদুল মোমিন বলেন, ‘আমি বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে ওই মামলায় হুকুমের আসামি করলেও পরে আদালতে তাঁর নাম বাদ দিতে অ্যাফিডেভিট করেছিলাম।’
জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর মুঠোফোনে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, আসাদুল হাবিব ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। পরে বাদী তাঁর নাম মামলা থেকে বাদ দিতে অ্যাফিডেভিট করেছেন। পরোয়ানা জারির বিষয়টি আমরা শুনেছি।’