বিএনপি নেতা নাদিম মোস্তফার চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
গতকাল গুলশান থানার পুলিশ নাদিম মোস্তফাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা করে গুলশান থানার পুলিশ। এই মামলায় নাদিম মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠায় পুলিশ। মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওই ঘটনায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান, কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হককেও এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।