
আওয়ামী লীগের নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামি হাইকোর্টে আপিল করেননি, তাঁর সাজা বহাল রয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত এ হত্যাকাণ্ডকে ‘ব্যাপক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে। সেদিন নিহত হন ওমর ফারুক রতন নামের আরেক ব্যক্তি। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল। রায়ের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, এই রায়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। যেসব আসামির দণ্ড কমানো বা খালাস দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও একই কথা বলেছেন। আসামিপক্ষের অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল করবেন তাঁরা।
সকাল ১০টার পরপর নিহত আহসান উল্লাহ মাস্টারের সমর্থকেরা সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড ঘটানোর সময় কোনো আসামি মুখে মুখাবরণ (মাস্ক) ব্যবহার করেননি। তাঁরা এতটাই বেপরোয়া ছিলেন এবং ভেবেছিলেন যে তাঁদের চেহারা চিনলেও তাঁদের কিছুই হবে না। তাঁদের এ ভাবনার কারণ হলো, তাঁদের পেছনে এমন একটা শক্তি রয়েছে যে বা যাঁরা তাঁদের সকল প্রকার ভবিষ্যৎ সম্ভাব্য ঝামেলা থেকে রক্ষা করার শক্তি রাখেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, স্থানীয় বেপরোয়া উচ্ছৃঙ্খল রাজনৈতিক দুর্বৃত্তরা এ ধরনের চিন্তা করতে পারে। কারণ, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের উচ্ছৃঙ্খল কর্মীদের পরিহার করার প্রবণতা দেখা যায় না। বরং অধিকাংশ এদের ওপর নির্ভরশীল। যা কোনো দেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে প্রধান অন্তরায়। সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ না ঘটলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র।
মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা ছয় আসামি হলেন নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দীপু (পলাতক), মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু (পলাতক), হাফিজ ওরফে কানা হাফিজ (পলাতক) ও সোহাগ ওরফে সরু। যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে নুরুল আমিনের। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক অহিদুল ইসলাম টিপু বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেননি। তাই তাঁর সাজা বহাল রয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে যে সাতজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ হোসেন মজনু (পলাতক), আনোয়ার হোসেন ওরফে আনু (পলাতক), রতন মিয়া ওরফে বড় মিয়া রতন (পলাতক), জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর (পলাতক), আবু সালাম ওরফে সালাম (পলাতক) ও মশিউর রহমান ওরফে মশু (পলাতক)।
এ ছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়া ও হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক) ও দুলাল মিয়া (পলাতক)। যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছোট রতন ও আল আমিন মারা গেছেন। বিচারিক আদালতের রায়ে অভিযোগপত্রভুক্ত আসামি কবির হোসেন ও আবু হায়দার খালাস পান।
২০০৫ সালে নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়। ৮ জুন এ শুনানি শেষে রায়ের জন্য গতকাল দিন ধার্য করেন আদালত।
মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৯০ সালে গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।