বিএনপি নেতা মাহবুব সস্ত্রীক দুর্ঘটনার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা দুজনই আশঙ্কামুক্ত। গতকাল শনিবার বিকেলে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দশমাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক বদরুল আহসান বলেন, দুজনই মাথায় ও মুখমণ্ডলে চোট পেয়েছেন। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।
ঠাকুরগাঁওয়ে মাহবুবুর রহমানের শ্বশুরবাড়ি থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের দশমাইল মোড়ে তাঁদের বহনকারী গাড়ির সঙ্গে একটি নছিমনের সংঘর্ষ হয়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান।
মাহবুবুর রহমানের স্ত্রী নাগিনা মাহবুব বলেন, তাঁরা গাড়ির পেছনের আসনে ছিলেন। সংঘর্ষে আঘাত পাওয়ার পর তাঁর স্বামী সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
রাত নয়টার দিকে মাহবুবুর বলেন, তিনি দুর্ঘটনার কথা স্মরণ করতে পারছেন না। নিজেকে হাসপাতালের বিছানায় খুঁজে পান। তবে তিনি এখন সুস্থ বোধ করছেন।