বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন গ্রেপ্তার
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার রাজধানীর মত্স্য ভবন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ডিবি কার্যালয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী মামলা রয়েছে, তা জানা যায়নি।
গত মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া এবং তাতে পুলিশের একজন সদস্য নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার মামলা হয়। রমনা থানায় পুলিশের করা এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ বিরোধীদলীয় জোটের ১৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) ঘটনায় জড়িত হিসেবে বিএনপিসহ ১৮-দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও আসামির নাম লেখার জন্য নির্ধারিত ছকে কারও নাম উল্লেখ করা হয়নি। আসামির কলামে লেখা হয়েছে, দুজন মোটরসাইকেল আরোহীসহ ‘অজ্ঞাতনামা ১৮-২০ জন’ এ ঘটনা ঘটিয়েছে। মামলার বিবরণে মির্জা ফখরুল ছাড়া আর যাঁদের নামে অভিযোগ করা হয়েছে, তার মধ্যে মাহবুবউদ্দিন খোকনের নাম নেই।