বিএনপি নেতা মাহবুবউদ্দিনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফনের আগে গতকাল সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে প্রথম, সকাল সাড়ে নয়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয়, পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয়, বাদ জোহর বায়তুল মোকাররমে চতুর্থ এবং বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের মাঠে পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসব জানাজায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ বিচারপতি, আইনমন্ত্রী আনিসুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জ্যেষ্ঠ আইনজীবীরা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা অংশ নেন।
এর আগে শনিবার রাতে প্রবীণ এই নেতার বাসায় গিয়ে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া গতকাল জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাফর), ইসলামিক পার্টিসহ বিভিন্ন দল শোক প্রকাশ করেছে।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবউদ্দিনের মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। এর আগে বিভিন্ন সময়ে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতির দায়িত্ব পালন করেন।