বিএনপি নেতা মিল্টন হত্যা মামলায় আরেক আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের ডিশ ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল বাকী ওরফে মিল্টন হত্যা মামলায় গ্রেপ্তার আবুল কাশেম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তাঁর খাসকামরায় ওই জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা জহুরুল হক গতকাল আসামি আবুল কাশেমকে আদালতে হাজির করে তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানান। আদালত আসামি কাশেমের জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার এ মামলায় গ্রেপ্তার অপর আসামি নিহত মিল্টনের বন্ধু মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আসামি মন্টুকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আসামি সজলকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। গত ৯ নভেম্বর রাজধানীর ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিল্টনকে শেরেবাংলা নগরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান কেব্ল নেটওয়ার্কের কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়।