বিএনপি নেতা রফিক রাজাকার: নৌমন্ত্রী
‘ব্যারিস্টার রফিক (বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া) রাজাকার। আমি জানতাম না, তাঁর বাড়ি কোথায়। সেই টক শোর পর কুমিল্লা থেকে এক লোক আমাকে চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, ব্যারিস্টার রফিক রাজাকার ছিলেন। এলাকায় সবাই তাঁকে রফিক রাজাকার হিসেবেই চেনে।’ মাদারীপুরে মৌলভী আছমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারের ফলক উন্মোচন অনুষ্ঠানে গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, মাদারীপুরে যুদ্ধকালীন কমান্ডার খলিলুর রহমান খান প্রমুখ।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠানে দুই অতিথি আওয়ামী লীগের নেতা নৌমন্ত্রী শাজাহান খান ও বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।