বিএনপি নেতা শহীদুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে পাঁচ কাঠার একটি প্লট নেওয়ার অভিযোগে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের বিএনপির সাবেক সাংসদ শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার রাতে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন রাজধানীর বনানী মডেল থানায় মামলাটি করেন। গত ১৮ নভেম্বর কমিশন এ মামলার অনুমোদন দেয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে পাঁচ কাঠার প্লট নেন শহীদুল ইসলাম। সেখানে তিনি আটতলা ভবন নির্মাণ করেন। অথচ ওই প্লট নেওয়ার আগে রাজধানীর মধ্য পাইকপাড়ায় তাঁর মালিকানাধীন নয়তলা ভবনের (নাজনিন গার্ডেন) কথা রাজউকে দেওয়া হলফনামায় গোপন করেন। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেনের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলার অনুমোদন দেয় কমিশন।

এদিকে শহীদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ যাচাই করতে গতকাল শহীদুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদবিবরণী নোটিশ জারি করেছে দুদক। সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে সাবেক ওই সাংসদের নামে-বেনামে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় ওই সম্পদবিবরণী নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

নোটিশে মো. শহীদুল ইসলাম, তাঁর স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়দেনা এবং আয়ের উৎস ইত্যাদির বিস্তারিত বিবরণ নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশনের সচিব বরাবর দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সম্পদবিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে দুদক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। দুদক আইন অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে সম্পদবিবরণী দিতে না পারলে আরও সাত দিনের সময় চাইতে পারবেন তিনি।