বিএনপি নেতা শাহাদাত আরও দুই মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

কারাগারে আটক চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনকে আজ মঙ্গলবার আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এই দুটি নিয়ে গত ১৬ দিনে শাহাদাত হোসেনকে নাশকতার অভিযোগে করা ১১ মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এর মধ্যে ১০টি মামলায় তাঁর জামিন নামঞ্জুর হয় এবং একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মোট মামলা রয়েছে ৪০টি। গত ৭ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

শাহাদাতের আইনজীবী তাঁকে নগরের পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানায় করা দুটি বিস্ফোরক মামলায় জামিনের জন্য চট্টগ্রাম মহানগর হাকিমের পৃথক দুটি আদালতে আবেদন করেন। গত ২ নভেম্বর নগরের মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানা এলাকায় এবং পরদিন ৩ নভেম্বর নগরের বায়েজীদ বিজিসি ট্রাস্ট এলাকায় রাস্তায় পাশে বিস্ফোরণের অভিযোগে এ দুটি মামলা করে পুলিশ।

আদালতে শাহাদাতের পক্ষে শুনানি করেন আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ। তিনি শুনানিতে বলেন, নগর বিএনপির সভাপতি ও একজন চিকিৎসক হয়ে শাহাদাত রাস্তায় ঘুরে ঘুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে তাঁকে ‘গায়েবি’ মামলায় জড়ানো হয়েছে। শাহাদাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচারণায় ব্যস্ত। আর তিনি কারাগারে।

শুনানি শেষে আদালত শাহাদাতকে এ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সাড়ে পাঁচ বছর আগের একটি মামলায় ৫ ডিসেম্বর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও পুরোনো মামলায় ৩ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়। দুজনই বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাপের কারণে সেগুলো বাতিল হয়েছে।

এ দিকে নগরের সদরঘাট ও কোতোয়ালি থানায় করা ককটেল বিস্ফোরণের দুটি মামলায় শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, জড়িত বাকিদের শনাক্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ সময় শাহাদাতের আইনজীবী তাঁর মক্কেল জড়িত নয় দাবি করে রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ রিমান্ড আবেদন নাকচ করে দেন।

পরে কড়া নিরাপত্তার মধ্যে শাহাদাতকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।