বিএনপি নেতা, শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল শুক্রবার ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়। গত বৃহস্পতিবার সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুরের বানাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৫০), নবীনগর উপজেলার ভোলাচং মধ্যপাড়া গ্রামের আক্তার মিয়ার মেয়ে তৈয়বা আক্তার (৩) ও ঢাকার বংশাল এলাকার বাসিন্দা হাসান মিয়া (৩৫)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা এলাকায় রডবোঝাই একটি ট্রাক ও কাঠবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের আসনে বসে থাকা বিএনপি নেতা ফজলুর রহমান ও চালক চাঁন মিয়া (৩২) আহত হন। ফজলুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে স্থানীয় সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ফজলুর রহমানের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাচং নতুন বাজারসংলগ্ন এলাকায় বাড়ির পাশে অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল তৈয়বা আক্তার। এ সময় নবীনগর সদর থেকে ভোলাচং নতুন বাজারগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়বাকে মৃত ঘোষণা করেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া এলাকায় সিলেটগামী যাত্রীবাহী একটি পাজেরোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী অপর একটি মাইক্রোবাস পাজেরো জিপটিকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে পাজেরোটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রী হাসান মিয়া, জহির উদ্দিন (৪০) ও শহিদুজ্জামান (৪২) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী হাসান মিয়াকে মৃত ঘোষণা করেন। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ওসি আলমগীর সিদ্দিকী বলেন, গতকাল শবিকেলে হাসান মিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাজেরো ও মাইক্রোবাস জব্দ করেছে।