বিএনপি নেতা সেলিমা রহমানকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং সাবেক সাংসদ আবদুল হাইকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত চিঠি আজ রোববার তাঁদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। চিঠিতে সেলিমা রহমানকে ১২ এবং আবদুল হাইকে ১৩ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ছেলে জিয়াউল হাসানের নামে রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজউক থেকে প্লট নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে মুন্সিগঞ্জের সাবেক সাংসদ আবদুল হাইয়ের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী জামিলা খাতুনের নামে রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও তা গোপন করে রাজউক থেকে প্লট নিয়েছেন।
চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির ৪৪ মন্ত্রী-এমপিসহ মোট ৫৪ জনের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর বনানীতে ২০ বিঘা জমি প্লট আকারে বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৪ সাল থেকে ওই অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এ অনুসন্ধানের ধারাবাহিকতায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির নেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর মামলা করেছিল দুদক।