বিএনপি নেতা হত্যার প্রতিবাদে দুপচাঁচিয়ায় আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে উপজেলা সদরে মিছিল, সড়ক অবরোধ এবং স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন। তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার উপজেলা সদরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। দুপচাঁচিয়া পুরাতন বাজারের মনোহারি ব্যবসায়ী শম্ভু বসাক বলেন, ‘আবদুল লতিফ দল-মতনির্বিশেষে সবার প্রিয় মানুষ ছিলেন। এই হত্যার ঘটনায় এলাকাবাসী শোকাহত। তাই নিজ থেকেই আমরা দোকান বন্ধ করে এই হত্যার প্রতিবাদ জানিয়েছি।’ এদিকে নিহত আবদুল লতিফের লাশ গতকাল ময়নাতদন্ত শেষে তাঁর বাড়ি চকসুখানগাড়ীতে নেওয়া হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এলাকার হাজার হাজার মানুষ ভিড় করেন। বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহতের ভগ্নিপতি গাজিউর রহমান বলেন, পার্শ্ববর্তী কাহালু উপজেলায় বীরকেদার মৌজায় একটি পুকুর নিয়ে বিরোধে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। তবে ঘটনার রাতেই সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমান (৩৪) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানার পাশে সন্ত্রাসীদের হাতে খুন হন থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ।