বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মেহেরপুরে মিছিল ও মানববন্ধন
মেহেরপুরে বিএনপির নেতা নজরুল ইসলাম হত্যার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মাসুদ অরুণের নেতৃত্বে নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নেতা-কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। পরে এই হত্যার প্রতিবাদে মিছিল, সমাবেশসহ সাত দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিহাদ হোসেন জানান, নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। তবে গতকাল পর্যন্ত কাউকে আটক হয়নি।