বিএনপি নেতাকে আটক দেড় ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি উত্তর ওয়াপদা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল্লা ফারুককে (৫৫) আটকের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে সোনাপুর-স্টিমারঘাট সড়ক অবরোধ করেছেন দলীয় নেতা-কর্মীরা। রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ওই অবরোধ চলাকালে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা দুর্ভোগের মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন ফারুকের নেতৃত্বে একদল পুলিশ উত্তর ওয়াপদা বাজার থেকে বিএনপি নেতা আবদুল্লা ফারুককে আটক করে থানা নিয়ে যায়। এ খবর আশপাশের এলাকার দলীয় নেতা-কর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তাঁরা রাত আটটার দিকে বাজারে সোনাপুর-স্টিমারঘাট সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। বিএনপি নেতা আবদুল্লা ফারুককে আটকের কথা নিশ্চিত করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন। তিনি রাত পৌনে ১১টায় প্রথম আলোকে বলেন, এলাকায় আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে আবদুল্লা ফারুকের সংশ্লিতার অভিযোগ থাকায় তাঁকে আটক করা হয়। পরে রাতে জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের সত্যতা না পাওয়ায় গতকাল শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হয়।সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান অভিযোগ করেন, আবদুল্লা ফারুকের বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্যায়ভাবে পুলিশ তাঁকে আটক করে হয়রানি করেছে। তিনি যে নির্দোষ তা পরবর্তীকালে পুলিশি তদন্তেই প্রমাণিত হয়েছে।