বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় গত শনিবার রাতে পৌর বিএনপির সহসভাপতি আমির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নেতা-কর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটায় বিএনপির নেতা আমির হোসেন তাঁর মালিকানাধীন আমির টাওয়ারে অবস্থান করছিলেন। সে সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অনুসারী মোজাম্মেল হোসেন, দ্বীন ইসলামসহ অন্তত ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁকে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর পুলিশ যুবলীগের দ্বীন ইসলামের বাড়িতে অভিযান চালায়। এর আগেই তিনি গা ঢাকা দেন।
গতকাল রোববার বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তার রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী হাকিমকে বলা হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আবুল খায়ের বলেন, ‘বিএনপির কাজই অভিযোগ করা। আমার কর্মীরা ওই কাজ করেননি।’