বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়ায় হুমায়ুন কবীর (৩৫) নামের বিএনপির এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই নেতাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হুমায়ুন কবীর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। কচুয়া থানার এসআই শেখ আবদুল মান্নান বলেন, বাঁধাল বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চার-পাঁচজন বিএনপির নেতার পথ আটকায়। তারা তাঁকে কুপিয়ে জখম করে এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়।