বিএনপি নেতাকে ঠেকাতে আ.লীগের সড়ক অবরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা নেতা-কর্মীদের নিয়ে গত মঙ্গলবার বিকেলে ঈদ উপলক্ষে শুভেচ্ছা সফরে পুঠিয়ায় যান। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। এতে রাজশাহী-নাটোর সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করলে আওয়ামী লীগ অবরোধ তুলে নেয়।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, একই সময় রাস্তার পাশে আওয়ামী লীগের সভা চলছিল। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির সভাপতি ও পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সাংসদ নাদিম মোস্তফা নেতা-কর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে মোটরসাইকেল শোভাযাত্রা করে রাজশাহী থেকে পুঠিয়া যান। গত মঙ্গলবার বিকেলে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। অপর দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুঠিয়ায় নাদিম মোস্তফার আগমন ঠেকাতে উপজেলা জামে মসজিদের সামনে রাজশাহী ঢাকা-মহাসড়ক অবরোধ করেন। এতে বিকেল পাঁচটা থেকে ছয়টা ১০ পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সোয়া ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সন্ধ্যায় উপজেলা সদরের ত্রিমোহনী মোড়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে কথা বলার জন্য জেলা বিএনপির নেতা নাদিম মোস্তফার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে বিএনপির একটি সূত্র জানায়, দীর্ঘ পাঁচ বছর পর নাদিম মোস্তফা নেতা-কর্মীদের নিয়ে পুঠিয়ায় ঈদ শুভেচ্ছা সফরে আসছিলেন। আওয়ামী লীগ ও পুলিশের বাধার কারণে তাঁরা সামনে এগোতে পারেননি।রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল ওয়াদুদ বলেন, আগে থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে পুঠিয়া ত্রিমোহনী মোড়ে সভা করছিলেন। এ সময় তাঁরা খবর পান, নাদিম মোস্তফার নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল আসছে। এ সময় বিএনপির অপর একটি অংশ তাদের প্রতিহত করার প্রস্তুতি নেয়। এই অবস্থায় পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাঁদের বাধা দেয়। এই পদক্ষেপ নিতে গিয়েই গাড়ি চলাচল কিছুক্ষণ বিঘ্নিত হয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ তাঁদের কোনো বাধা দেয়নি।