বিএনপি নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আবুল বাশারকে গত সোমবার পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাশারের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার তিনটি ব্যবসায়ী সংগঠন মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, জেলা ঠিকাদার সমিতি ও জেলা ট্রেড অ্যাসোসিয়েশন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক সাংসদ হারুণুর রশিদ, চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ, ঠিকাদার সমিতির সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ। পরে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়। বাশারকে পিটিয়ে আহত করার ঘটনায় সোমবার রাতে সদর থানায় তাঁর ব্যবসায়িক সহযোগী জহরুল ইসলাম বাদি হয়ে জামিলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আবুল বাশার সোমবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরে যাওয়ার পথে মহানন্দা সেতুর টোলঘরের সামনে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। তারা রড ও লাঠিসোঁটা দিয়ে বাশারকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। সদর থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা বলেন, ইটভাটার ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বাশারকে পিটিয়েছে দুর্বৃত্তরা। একই বিরোধের কারণে আগের রাতে বাশারসহ অন্যরা তাঁর ব্যবসায়িক সহযোগী জামিলকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় রাতেই বাশারসহ অন্যদের আসামি করে থানায় মামলা করা হয়। বাশারকে মারধরের প্রতিবাদে গত সোমবার বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সদরঘাটে এক সংক্ষিপ্ত সভায় হারুণুর রশিদ অভিযোগ করেন, আওয়ামী লীগের সাংসদ আবদুল ওদুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আবদুল খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান ওরফে বিরু ও উসকাঠিপাড়ার শহীদ এই হামলার নেতৃত্ব দেন। পুলিশ এ হামলার ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়েছে। বাশারের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক আসিফা আশরাফী পাপিয়া।