বিএনপি নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে থানাহাজতে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের শিক্ষকপল্লি এলাকায় খালেদ সাইফুল্লাহর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেলের বাবা খুরশিদুল আলম খান বলেন, গত ২৮ এপ্রিল হরতালে কিশোরগঞ্জে গাড়ি পোড়ানোর দুটি মিথ্যা মামলায় সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সোহেল অন্য মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। গ্রেপ্তারের পর মডেল থানাহাজতে সোহেলের ওপর নির্যাতন চালানো হয়। এতে তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে আদালতের নির্দেশে তাঁর ডান পা প্লাস্টার করা হয়। তাঁর বাবা দাবি করেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় সোহেলকে গ্রেপ্তারের পর বর্বরোচিত নির্যাতন করে দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে। তিনি এই নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আবেদন জানান। এ সময় সংবাদ সম্মেলনে সোহেলের মা আনোয়ারা বেগম, দুই সন্তানসহ তাঁর স্ত্রী শরীফুন্নেছা বেবী, দুই ভাই ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।এ ব্যাপারে কিশোরগঞ্জ দুর্নীতি দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রহমান বলেন, থানাহাজতে কোনো বন্দীর ওপর যেকোনো ধরনের শারীরিক নির্যাতন সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার ও মৌলিক অধিকারের লঙ্ঘন।জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।’জেলা কারাগারের উপকারাধ্যক্ষ ইউনুস জামান বলেন, কারাগারে সোহেলকে গ্রহণের সময় তাঁর পায়ে আঘাতের চিহ্ন ছিল। তাঁর ওপর কোনো নির্যাতন করা হয়নি।