বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এনামুল হককে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। গত বুধবার বিকেলে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় এনামুলকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থোপেডিক বিভাগের চিকিৎসক রইছউদ্দিন জানান, এনামুলের বাঁ হাত ও পা ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অস্ত্রোপচার করা প্রয়োজন। এনামুলের পরিবার অভিযোগ করে বলেছে, ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ আফজাল হোসেনের চাচাতো ভাই সোহেল মিয়া ও ভাতিজা মানিক মিয়া ওই হামলায় নেতৃত্ব দিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, এনামুলের নেতৃত্বে দিলালপুর ইউনিয়ন বিএনপি সুসংগঠিত হয়ে ওঠার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভালো চোখে দেখছিলেন না। এ নিয়ে সাংসদ আফজাল হোসেনের সমর্থকদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ওই দিন বিকেলে এনামুল চুল কাটাতে নতুন বাজার এলাকায় আসার পরপরই সোহেল মিয়া, মানিক মিয়া, রাজীব মিয়া, নাসির উদ্দিন, আসলাম মিয়াসহ সাত-আটজন তাঁকে ঘিরে ফেলেন। তাঁরা দা, কিরিচ ও লাঠি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। পরে অচেতন অবস্থায় তাঁরা তাঁকে ফেলে চলে যান। এনামুলের বড় ছেলে আমিনুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা ওই সাংসদের পরিবারের সদস্য। এ কারণে আমরা মামলা করতে সাহস পাচ্ছি না।’এদিকে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি বলেন, ‘আমি ঢাকায় ব্যবসা করি। ঘটনার দিন এলাকায় ছিলাম না। এমপি সাহেবের প্রয়োজনে বাজিতপুরে ব্যাংকে ছিলাম। সবকিছু শুনে মনে হচ্ছে, এমপি সাহেবের পরিবারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি জিহাদ ঘোষণা করেছে।’