বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আওয়ামী লীগের নিহত কর্মী ওয়াজকুরুনির বাবা আবদুল মালেক বাদী হয়ে গতকাল শনিবার ৩৮ জনকে আসামি করে নিকলী থানায় মামলাটি দায়ের করেন। এতে সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিংপুর গ্রামের দুলাল (৫০), যুবায়ের (২৫) ও মোকলেছ (৩০)। তাঁরা সবাই বিএনপির নেতা হারুনের অনুসারী।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অপর পক্ষ এখনো কোনো অভিযোগ করেনি। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর উপজেলা নিকলীর সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। নিহত অন্যজন হলেন বিএনপি-সমর্থক কাঞ্চন মিয়া।
এ ঘটনার পর সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করা হয়েছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গ্রেপ্তার-আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন পুরুষেরা।
এদিকে ওই দিন সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তাঁরা হলেন হাফিজ, মোজাম্মেল, মুসলেক, মফিজ আলী, ইমাম হোসেন, ফাহিম মিয়া, তুসেল মিয়া ও দীপ্তি মিয়া।