বিএনপি নেতাদের আসামি করে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে গুলিতে যুবদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হওয়ার ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার ফেনী সদর হাসপাতালের মর্গে নিহত দুজনের লাশের ময়নাতদন্ত করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এই দুই নেতার মৃত্যুর ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দলীয় নেতা-কর্মীদের আসামি করার পর উত্তেজনা আরও বেড়েছে।
স্থানীয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ফেনী-৩ সংসদীয় আসনের সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ছাত্রদল ও যুবদলের কর্মীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁরা ভোটকেন্দ্রের সামনে থাকা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে যুবদলের নেতা জামশেদ আলম হাসপাতালে নেওয়ার পথে এবং ছাত্রদলের নেতা শহীদুল্লাহ (২৫) ফেনী সদর হাসপাতালে মারা যান।
পুলিশ সূত্রমতে, উত্তর চর চান্দিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় সোনাগাজী উপজেলার চর দরবেশ আদর্শ গ্রাম ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন গত রোববার রাতে সোনাগাজী থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিনসহ বিএনপির ৪৮ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০০ জনকে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ওই ভোটকেন্দ্রে পিস্তল, শটগান ও রাইফেলের ৫৬টি গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাঁরা পুলিশের গুলিতে, নাকি নিজেদের ক্রসফায়ারে মারা গেছেন, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ও তদন্ত শেষে বোঝা যাবে।